👁 295 Views

নাচোলে গভীর রাতে সরকারি গো-খাদ্য ও ওষুধ পাচারের চেষ্টা, ৫ জনের মুচলেকা নিয়ে মুক্তি

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে গভীর রাতে সরকারি গো-খাদ্য ও ওষুধ পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পাঁচজনকে জনতা অবরুদ্ধ করলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে প্রশাসন। তবে সরকারি সম্পদ পাচারের মতো গুরুতর অভিযোগে আইনি ব্যবস্থা না নিয়ে কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় স্থানীয় মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. কাউসার আলী ও কয়েকজন কর্মচারী মিলে একটি স্টিয়ারিং গাড়িতে হাসপাতালের সরকারি ফিডের বস্তা ও ওষুধ গাড়িতে তুলছিলো। বিষয়টি টের পেয়ে বাজারের নাইটগার্ড দোস্ত মোহাম্মদ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নাচোল থানা পুলিশ ও স্থানীয় খাদ্য গুদামের লেবার সর্দার রিপনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা তাড়াহুড়ো করে গাড়ি থেকে মালামাল নামিয়ে ফেলার চেষ্টা করেন। খবর পেয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ফোর্সসহ উপস্থিত হয়ে মালামালের ক্রেতা গাজু আলী (৪৮) ও চালক ফারিকুলকে (৪৯) আটক করেন। তবে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের বুধবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখে। পাচারের চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে অবরুদ্ধ
ডা. কাউসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। কর্মচারী আশিক, নারায়ণ, মাহিদুর ও বাবু। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তারা দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অবরুদ্ধদের থানায় নিয়ে যান। পরবর্তীতে ক্রেতা গাজু আলী ও চালক ফারিকুলকে আটক দেখানো হলেও, প্রধান অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের রহস্যজনকভাবে কেবল মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গুরুতর এই অপরাধে বিভাগীয় বা আইনি ব্যবস্থা গ্রহণ না করে অভিযুক্তদের মুক্তি দেওয়ায় সচেতন মহলে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ আত্মসাতের মতো ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *