👁 234 Views

মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ!

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের ৭০ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর কার্যকরী কমিটির নির্বাচন নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন না দিয়ে ‘উন্নয়ন ও সংস্কার’-এর অজুহাতে অন্তর্র্বতীকালীন কমিটি দীর্ঘ দুই বছর সময় পার করে দিলেও নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় সচেতন মহল ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাবেক কমিটির নানাবিধ অনিয়মের প্রতিবাদে গত ২০২৪ সালের ২৩ আগস্ট মদনগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়। ওই সময় সাবেক কমিটি তাদের সমুদয় ক্ষমতা ও দায়িত্ব অন্তর্র্বতীকালীন কমিটির নিকট হস্তান্তর করতে বাধ্য হয়।

পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত অন্তর্র্বতীকালীন কমিটি তদন্ত সাপেক্ষে সাবেক সভাপতিকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অসৎ উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রদত্ত অনুদানে নির্মিতব্য কমিউনিটি সেন্টারের আরসিসি পাইলিং কাজে বাধা প্রদানের দায়ে অভিযুক্ত করে। এসব গুরুতর অভিযোগে অন্তর্র্বতীকালীন কমিটির সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতিকে অ্যাসোসিয়েশনের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

বর্তমানে গঠিত অন্তর্র্বতীকালীন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জসিম উদ্দিন খান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন বিএ জুবায়ের নিপু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আলহাজ্ব ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, জয়নাল আবেদিন মাতবর, আজিজুল হক আজি, হাজী গনী প্রধান, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির ও আবুল বাসার।

স্থানীয়দের অভিযোগ, যে সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অন্তর্র্বতীকালীন কমিটি দায়িত্ব গ্রহণ করেছিল, তা বাস্তবায়নের নামে ইতিমধ্যে প্রায় দুই বছর পার হতে চললেও নির্বাচনের কোনো তফসিল বা উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এলাকাবাসীর প্রশ্ন, প্রাচীনতম এই সামাজিক সংগঠনের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন দিতে এত গড়িমসি কেন করা হচ্ছে? অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দাবি জানিয়েছেন মদনগঞ্জের সাধারণ জনগণ ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *