👁 135 Views

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: দুই লক্ষাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ কর্মসূচির আওতায় জেলার ২ লাখ ১১ হাজার ৮৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ২৮ জুন রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। শিশুদের পুষ্টি ঘাটতি মোকাবিলা, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় ক্যাম্পেইনের প্রস্তুতি ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ সময় পরিবার পরিকল্পনা লালমনিরহাটের উপ-পরিচালক মো. মোজাম্মেল হকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *