👁 130 Views

নওগঁর মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগে দুইজন আটক 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দার হাটোরে শিশু বাচ্চাদের আম পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে পিটিয়ে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউপি’র হাটোর গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত দিনা মোল্লার ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, হাটোর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের শিশু সন্তান শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে (নামায়)। এ নিয়ে আবদুল মোমিন ওই বাচ্চাকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে সোমবার সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আবদুল মোমিনের বাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আবদুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে রক্তাক্ত  জখম করে প্রতিপক্ষরা।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারো হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেয়ায় তৈয়বুর মোল্লাকে পিটিয়ে হত্যা করা  হয়।
পরিবারের অভিযোগ, সুজাত, এমরান, সুমন, তাদের বাবা সৈয়ব আলীসহ আরও বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।
 মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *