👁 182 Views

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় কসমেটিক পণ্য জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ৩৫ বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিক পণ্য জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৯ নভেম্বর) জামালপুর ৩৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসনুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির অধীন মেলামারচর বিওপির একটি টহলদল অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৬২/১৩-টি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে  রৌমারী বেহুলারচর নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্কিন সাইন ক্রিম ৫২ পিস, চুলের কাঁকড়া ছোট ১২০ পিস, বড় ৬০ পিস, উন্নতমানের চুড়ি ৪৮ জোড়া, সিটি গোল্ড চেইন ৫৯১ পিস, কানের রিং ১৯৫ জোড়া, ফেসওয়াশ ১২ পিস এবং নিরমা জরি আলতা ২৪ পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় কসমেটিক পণ্য রৌমারী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির পরিচালক লে.কর্ণেল হাসানুর রহমান বলেন, “বিজিবি ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।”