👁 145 Views

কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই : শিমুল বিশ্বাস এমপি

বার্তা সংস্থা পিপ (পাবনা) : “কোনো অপরাধীর প্রতি আমার কোনো অনুকম্পা বা সমর্থন নেই। গণমাধ্যমকে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে হবে।” এমন মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শুক্রবার ৩ জুলাই সকালে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, একটি সমাজ বিকশিত হওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের চাহিদা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারলেই ব্যক্তি ও প্রতিষ্ঠান টিকে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এনটিভি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বলে তিনি বলেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন যুগে সংঘটিত পরিবর্তন ও বিপ্লব মানবসভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং ভিন্নমতকে সম্মান করার সংস্কৃতি গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, রানা গ্রæপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান প্রমূখ। পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *