
মোঃ বাবুল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার মৌচাক ইউনিয়ন এর রতনপুর এলাকার আক্রামচালায় একটি নির্মাণাধীন ফ্যাক্টরির ড্রেন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেন নির্মাণের সময় পাশের বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় সাম্প্রতিক ভারী বর্ষণে একটি বাড়ির সীমানা সংলগ্ন অংশ ভেঙে পড়েছে এবং আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে ওই স্থানে একটি প্রাকৃতিক নালা ছিল, যার মাধ্যমে এলাকার বৃষ্টির পানি ও জমে থাকা পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতো। সম্প্রতি নালাটি ভরাট করে সেখানে একটি ফ্যাক্টরি নির্মাণ শুরু করা হয়। এলাকাবাসীর দাবি ছিল, পানি চলাচলের সুবিধার্থে বিকল্প ড্রেন নির্মাণের পাশাপাশি পাশের বসতবাড়িগুলোর সুরক্ষার জন্য রিটেইনিং ওয়াল বা অন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
ভুক্তভোগী মো. বাবুল আক্তার জানান, ড্রেন নির্মাণের সময় তিনি সম্ভাব্য ঝুঁকির বিষয়টি সংশ্লিষ্টদের একাধিকবার অবহিত করেছিলেন। কিন্তু বিষয়টি গুরুত্ব না দেওয়ায় বর্তমানে বৃষ্টির পানির চাপে তার বাড়ির সীমানা সংলগ্ন মাটি ধসে পড়েছে।
তিনি বলেন, “ড্রেনের মুখ আমার বাড়ির সীমানার খুব কাছে। আগে থেকেই বলেছিলাম, সুরক্ষা ব্যবস্থা না থাকলে বর্ষার সময় সমস্যা হবে। এখন বৃষ্টির পানির চাপে মাটি ভেঙে গেছে এবং বাড়িটি ঝুঁকির মধ্যে রয়েছে।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেন নির্মাণের সময় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হতো। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা জানান, ড্রেনটি তাদের নিজস্ব জমির ভেতরে নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, কোনো নির্মাণকাজের ফলে আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে আরও ভারী বৃষ্টিপাত হলে ভাঙনের মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পার্শ্ববর্তী বসতবাড়িগুলোও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই তারা দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে স্থায়ী সমাধান এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাই করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।