
মোঃ রিয়াজ।।পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩ টার দিকে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা খাদেমদার কনের চাচা রাসেল মোল্লার কাছে আরও একটি মুরগির রোস্ট চান। এ সময় মাংসের পরিবর্তে রোস্ট চাওয়ার বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাসেল মোল্লার চোখের পাশে গুরুতর আঘাতের চিকিৎসা দেওয়া হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেছেন, বলেছেন আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলম প্যাদা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন , ঘটনাটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।