👁 350 Views

বগুড়ায় যাত্রীবেশে উঠে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি চক্রের ৪ সদস্য গ্রেফতার।।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া থেকেঃ

বগুড়ার শেরপুরে যাত্রী সেজে ইজিবাইক চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে গাড়ি চুরির ঘটনায় দুই নারীসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

শেরপুর থানার মামলা নং-১৬ ও ১৭, তারিখ ০৯/০৫/২০২৬, ধারা ৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোডের তদন্তে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বগুড়া জেলার বিভিন্ন এলাকায় যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালকদের নির্জন স্থানে নিয়ে যেত। পরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালকদের অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত তারা। চক্রটিতে দুই নারী সদস্যও সক্রিয়ভাবে জড়িত ছিল।

ঘটনার তদন্তে শেরপুর থানার এসআই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম গত এক মাস ধরে চক্রটির সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ মে) ভোররাত থেকে বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে প্রথমে কাহালু উপজেলার করমজা পাড়া এলাকার মোছাঃ আংগুরী বেগম (৪৮) কে শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের শহিদুল হাজীর চাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাহালুর গোকর্ণ এলাকার মোঃ লিটন প্রাং ওরফে বাটু (৪২) এবং তার স্ত্রী মোছাঃ ছালেহা বিবি (৩৯) কে সদর উপজেলার বারোপুর মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের চান্দাই এলাকায় অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭) কে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেখানো মতে শহিদুল ইসলাম সোহাগের বাড়ি এবং শহরের বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে সবুজ, লাল ও নীল রঙের মোট ৪টি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ইজি বাইক চক্রটি গ্রেপ্তার হওয়াতে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *