
রবিউল হক , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, সুনামধন্য নামী প্রতিষ্ঠানের নকল পণ্য বাজারজাত করণ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বীর নের্তৃত্বে যৌথ বাহিনী, র্যাব, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মেসার্স ফারুক ট্রেডার্স-কে ১ লক্ষ টাকা, মেসার্স সাবেত ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা। এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪(খ) ধারায় মেসার্স শহিদুল অ্যান্ড সন্স-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজিত কুমার রায়, নীলফামারী র্যাব-১৩ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির, নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ প্রমুখ। এছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ আনসার বাহিনী সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শায়লা সাঈদ তম্বী জানান, অভিযান পরিচালনায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তিন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।