👁 345 Views

যশোরে শশুর বাড়ীতে যাবার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

ইয়ানূর রহমান : যশোরে শশুর বাড়ীতে যাবার পথে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে চালক স্বামী নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিকরগাছা পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইফতেখার আহমেদ মিশাল (৩০) ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মিশাল তার ব্যক্তিগত প্রাইভেটকারে স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে বেনেয়ালী জফরনগর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিশালের মৃত্যু হয়। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন এবং আহত স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন হোসেন জানান, রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (৫ এপ্রিল) সকালে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *