👁 251 Views

পঞ্চগড় সীমান্তে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

পঞ্চগড়: পঞ্চগড়ের সীমান্ত এলাকায় মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা।
বৃহস্পতিবার ২৬ মার্চ রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। জানা গেছে, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের বোদা থানার সীমান্ত এলাকাধীন প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবির মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে অংশ নেয়। তারা সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর মধ্যে ১১ বোতল Blenders Pride এবং ১৪ বোতল Signature Premier ব্র্যান্ডের মদ রয়েছে।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *