
যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরে ৫৪ লাখ টাকার চোরাই সরকারি গমসহ একটি কার্গো জাহাজ আটক করেছে এসআরবি। এ ঘটনায় জাহাজের কয়েকজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এসব গম ও জাহাজ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু।
এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা বন্দরের হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়া নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টায় মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। এ সময় ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং জাহাজটি জব্দ করা হয়। জব্দ করা গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা।
অভিযানে জাহাজের দুই সুকানিসহ সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম ওজবালিয়া গ্রামের রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের খালিদ হাসান এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের হাসান ইসলাম।