
ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী এলাকায় পাশাপাশি দুটি বহুতল ভবনকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। একটি ভবন হেলে পড়ার কারণে পাশের ছয়তলা আবাসিক ভবন ‘হালিমা ম্যানশন’-এর বিভিন্ন ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ভবনটির মালিক। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভবনটির বাসিন্দারা।
এ ঘটনায় প্রতিকার ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পটিয়া পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হালিমা ম্যানশনের মালিক আহমদ উল্লাহ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর পাশের ভবনটি তাঁর ভবনের দিকে হেলে পড়েছে। এর প্রভাবে হালিমা ম্যানশনের দক্ষিণ পাশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি ফ্ল্যাটের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি প্রতিবেশী ভবনের মালিককে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর।
আহমদ উল্লাহর আশঙ্কা, সময়ের সঙ্গে ফাটল বাড়তে থাকায় ভবনটি ঝুঁকির মুখে পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভাড়াটেরাও বাসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ভবনের ভাড়া তাঁর পরিবারের আয়ের অন্যতম উৎস হওয়ায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
তবে ভবন হেলে পড়ার অভিযোগ নাকচ করেছেন পাশের ভবনের মালিক মো. হাসান। তাঁর দাবি, আগে একজন প্রকৌশলী ভবন দুটি পরিদর্শন করে তাঁর ভবনে হেলে পড়ার কোনো ত্রুটি পাননি। বরং হালিমা ম্যানশনের নির্মাণকাঠামোতে ত্রুটি থাকার বিষয়টি জানিয়েছিলেন প্রকৌশলীরা।
এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জানান, পৌর এলাকায় ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটলসংক্রান্ত একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিন পরিদর্শন এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত ও আইনি ব্যবস্থা নিতে পৌরসভার প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের তদন্ত ও পরিদর্শনের মাধ্যমে ভবন দুটির প্রকৃত অবস্থা এবং ঝুঁকির বিষয়টি পরিষ্কার হবে বলে আশা করছেন স্থানীয়রা।