👁 147 Views

সশস্ত্র বাহিনী দিবসে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। দিবসটির তাৎপর্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে। সভায় সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। দেশপ্রেম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশসেবার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম, জাতীয় চেতনা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।