
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি –
নওগাঁর ধামইরহাটে একটি অসহায় নবমুসলিম পরিবারকে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে ‘ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট পৌর আমাইতাড়াস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পরিবারটির হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। জানা গেছে, উপজেলার ৩নং আলামপুর ইউনিয়নের ভেরম গ্রামের একই পরিবারের ৫ জন সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবমুসলিম পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা, দুই পুত্র মো. হাসান ও মো. হোসাইন এবং কন্যা মোছা. আমেনা। আমেরিকান প্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত এই মানবকল্যাণমূলক ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক ও দলিল লেখক মো. রুহেল আহম্মেদ। এসময় ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক বলেন, ‘সেবার লক্ষ্যে এগিয়ে যাই, অসহায়-দরিদ্রদের পাশে দাঁড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফাউন্ডেশনটি নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অসহায় নবমুসলিম পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।