👁 369 Views

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি জেলা কার্যালয়ের একটি দল জেলা পরিষদে এ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাঙামাটি কার্যালয়ের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেন। অভিযানে দলের সদস্যরা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত বছরের ৭ জুলাই মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী দুদকে লিখিত অভিযোগ করেন। অভিযোগে সাবেক চেয়ারম্যানের পাশাপাশি জেলা পরিষদের আরও তিন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত সংগ্রহ, নথিপত্র যাচাই এবং প্রকল্পের বাস্তব অবস্থা পর্যালোচনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে অভিযানে কী ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে এবং সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী সময়ে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।