👁 330 Views

জামালপুরে নারীসহ চার মাদক কারবারি আটক, এক হাজার পিস ইয়াবা জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। আটক চারজনের মধ্যে একজন নারী রয়েছেন। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। বৃহস্পতিবার রাতে জামালপুর পৌর শহরের কাচারিপাড়া মডেল মসজিদের সামনে এ অভিযান চালানো হয়। জামালপুর জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে।
ডিবি-২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাচারিপাড়া মডেল মসজিদের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার বাসন থানার আবদুল খালেক (৩৩), মো. রনি (৩০), খাদিজা বেগম (১৯) ও বাবুল মিয়া (৪৫)। আটক চারজনের মধ্যে খাদিজা বেগম একজন নারী।
ডিবি-২ জানায়, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান জানান, আটক চারজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।