
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন ৪নং দীর্ঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সন্তোষ কুমার বিশ্বাস (কালা)। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে এলাকায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে দীর্ঘা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান এই বিএনপি নেতা।
রাজনৈতিক অঙ্গনে তাঁর অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক, জেলা পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ফ্রন্টের সাবেক সিনিয়র সহসভাপতি। এছাড়া তিনি নাজিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এবং উপজেলা পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সম্পৃক্ততা রয়েছে তাঁর। তিনি চাঁদকাঠী বাজার শ্রীশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক এবং ঠুটাখালীর শ্রীশ্রী ঈশ্বর জগত্তীর্থ সেবাশ্রমের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘার শ্রীশ্রী সার্বজনীন গোপীনাথ সেবাশ্রম এবং ঘোষকাঠীর শ্রীশ্রী সুকতারা সার্বজনীন কালীমন্দিরের সার্বিক তত্ত্বাবধানেও সক্রিয় ভূমিকা রাখছেন।
নিজের রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে সন্তোষ কুমার বিশ্বাস জানান, ১/১১-পরবর্তী সময় থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন, হরতাল, অবরোধ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন তিনি। এসব আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিক মামলা, হামলা ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার প্রত্যাশা নিয়ে সন্তোষ কুমার বিশ্বাস দীর্ঘা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে একটি জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যাশা তাঁর। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সমর্থন নিয়ে দীর্ঘা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নির্ভর করবে দলের সিদ্ধান্তের ওপর।