👁 444 Views

শ্রীপুরে ‘আলী পেপারস’ কারখানার কালো ধোঁয়ায় বিপর্যস্ত পেলাইদের পরিবেশ ও জনস্বাস্থ্য

‎আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের পেলাইদ এলাকায় অবস্থিত ‘আলী পেপারস’ নামক একটি কারখানার বিরুদ্ধে প্রতিনিয়ত পরিবেশ দূষণের গুরুতর অভিযোগ উঠেছে। কারখানাটি থেকে নিয়মিত নির্গত কুচকুচে কালো ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের গ্রামীণ পরিবেশ, আবাদি জমি এবং জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির চিমনি বা বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না থাকায় প্রতিনিয়ত ক্ষতিকর কালো ধোঁয়া ও ধূলিকণা চারদিকে ছড়িয়ে পড়ছে। এই বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকার বাতাস দিন দিন ভারী হয়ে উঠছে এবং স্থানীয় বাসিন্দারা বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া কারখানার আশপাশের আবাদি জমি ও সবুজ ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, লোকালয় ও কৃষি জমির কাছাকাছি এভাবে অপরিকল্পিতভাবে ধোঁয়া ছাড়ায় এলাকার জীববৈচিত্র্য ও সামগ্রিক পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। অবিলম্বে এই বিষাক্ত ধোঁয়া নির্গমন বন্ধ এবং কারখানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
‎
‎এ বিষয়ে বক্তব্য জানার জন্য আলী পেপারস কারখানার ম্যানেজার সুমন সিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।