👁 251 Views

নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন

নাটোর প্রতিনিধি : নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ রোববার (১৮ অক্টোবর) সকালে কোনো প্রটোকল ছাড়াই রিকশায় করে হাসপাতালে গিয়ে আকস্মিক পরিদর্শন করেন তিনি।
সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে তিনি চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন। এমন কি নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।
পরিদর্শনকালে হুইপ দুলু বলেন, একটি হাসপাতালে চিকিৎসকদের দায়িত্ব সবচেয়ে বেশি। সরকারি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা গ্রহণ করে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নাটোর সদর হাসপাতাল সরকারের অনুমোদিত ১০০ শয্যার হাসপাতাল। অথচ এটি ২৫০ শয্যা হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু ২৫০ শয্যার হাসপাতালের তুলনায় প্রয়োজনীয় জনবল ও খাবারের ব্যবস্থা নেই।
হুইপ দুলু বলেন, হাসপাতালে এসে প্রায় ৯০০ রোগী দেখতে পেয়েছেন। অথচ খাবার সরবরাহ করা হচ্ছে মাত্র ১০০ জনের জন্য। ফলে অনেক রোগী খাবার থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ রোগীর যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে দ্রুত জনবল সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে। হাসপাতালের বাথরুমগুলোও অপরিষ্কার বলে উল্লেখ করেন তিনি। রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি হাসপাতালের বাথরুমসহ অন্যান্য স্থাপনা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে। নির্ধারিত সময়ে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সিভিল সার্জন ডা. মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডা. মাহবুবুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।