👁 468 Views

মাধবদীতে ৩১তম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

মোঃ নজরুল ইসলাম : নরসিংদীর মাধবদীতে অত্যন্ত ভাবগাম্ভীর্য, ধর্মীয় আবহ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৩১তম বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর সৌজন্যে এবং ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মাধবদী থানা শাখার যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) সকাল ৮টা থেকে মাধবদীর ভগীরথপুরস্থ বায়তুল আমান জামে মসজিদে প্রতিযোগিতা শুরু হয়ে বিকেল ৪টায় সমাপ্ত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮৩ জন কোমলমতি শিক্ষার্থী এতে অংশ নেয়। চূড়ান্ত পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী ২৮ জন ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সূচনায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। জোহরের নামাজের বিরতির পর এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি জনাব খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবদী থানা শাখার উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাও. মকবুল হোসাইন এবং এতে সভাপতিত্ব করেন শাখাটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাও. জামাল উদ্দিন মুঈনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বড় মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা রফিকুর রহমান (দা.বা.) ও নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
শুভানুধ্যায়ী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম.এম.কে ডাইং প্রিন্টিং ফিনিশিং অ্যান্ড ক্যালেন্ডারিং ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মাছুম মোল্লা এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল কাইয়ুম মোল্লা।
সমগ্র প্রতিযোগিতাটি সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কোষাধ্যক্ষ হাজী মোতালিব হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী মাসুদ, লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর হোসেন, কবি, সাহিত্যিক ও গীতিকার নাহিদ নজরুল এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলম চৌধুরী।
দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং বিপুল সংখ্যক কুরআনপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত থেকে শিশুদের কুরআন তিলওয়াত উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।