
আমতলী(বরগুনা)প্রতিনিধি।। অবরোধ পালনে পায়রা নদীতে ফেলে রাখা ইলিশ শিকারের জাল ও সরঞ্জামাদি অপসারণ করতে গিয়ে জেলে ওমর আলী গাজী (৫৫) নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তিন ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধারনা করা হচ্ছে তিনি ভাটার স্রোতে সাগরের দিকে নেমে গেছেন। ঘটনা ঘটছে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে।
জানাগেছে, বৃহস্পতিবার মধ্য রাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকার, পরিবহন ও বিপনন নিষিদ্ধ করেছেন সরকার। আমতলী পৌরসভার লোচা গ্রামের জেলে ওমর আলী গাজী ও জলিলুর রহমান অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে পায়রা নদীতে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি অপসারণ করতে যায়। ওই সময় জেলে ওমর আলী গাজী নদীতে পড়ে যায়। অপর জেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু তিন ঘন্টা (এ প্রতিবেদন লেখা দুপুর ২ টা পর্যন্ত ) পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি বলে জানান উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলেটেটর মোঃ হিমেল মিয়া। ধারনা করা হচ্ছে ভাটার স্রোতে তাকে সাগরের দিকে নিয়ে গেছে। এমন ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ জেলে ওমর আলীর গাজীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি।
জেলে জলিলুর রহমান বলেন, আমরা দুইজনে পায়রা নদীতে ইলিশ জাল ফেলে মাছ শিকার করি। অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি নদী থেকে তুলতেছিলাম। এমন মুহুর্তে ওমর আলী গাজী ছিটকে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে চেষ্টা করেও পারিনি। তিনি স্রোতে তলিয়ে গেছেন।
আমতলী ফায়ার ষ্টেশন লিডার গোলাম মোস্তফা বলেন, উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।