👁 339 Views

ইউপি চেয়ারম্যান রোমার স্বজন ও কর্মীদের বিরুদ্ধে জমি দখল, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমার আত্মীয়-স্বজন ও কর্মীদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, ভুয়া দলিল তৈরির চেষ্টা, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

বালিথা গ্রামের বাসিন্দা আতাউর রহমান অভিযোগ করে বলেন, তিনি কোনো জমি বিক্রি করেননি। তার অভিযোগ, জাল দলিল তৈরি করে চেয়ারম্যান রোমার ভাগিনা আহাদ ও মামুন, চেয়ারম্যানের প্রভাব ব্যবহার করে তার জমি দখল করে সেখানে চারতলা একটি ভবন নির্মাণ করেছেন। তিনি প্রশাসন ও ধামরাইয়ের সংসদ সদস্য তমিজ উদ্দিনের সহযোগিতায় জমি উদ্ধারের দাবি জানান।

বালিথা পূর্বপাড়ার বাসিন্দা সালাম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ভুয়া আরএস রেকর্ড তৈরি করে রোমার কর্মী মোতালেব ওরফে টাইগার তার ২৫ শতাংশ জমি দখল করেছেন। তার অভিযোগ, জমিতে থাকা ঘর ও বাঁশও নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। সালাম বলেন, তিনি প্রশাসনের সহযোগিতায় নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

অন্যদিকে বালিথা গ্রামের সোহরাব হোসেন অভিযোগ করেন, চেয়ারম্যান রোমার সহযোগী হিসেবে পরিচিত টেপা সুলতান ও মোতালেব ওরফে টাইগার তার জমি দখলের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র তৈরি করে রেজিস্ট্রেশনের চেষ্টা করেছেন। খবর পেয়ে তিনি রেজিস্ট্রি অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলে ওই রেজিস্ট্রেশন বন্ধ হয় বলে দাবি করেন তিনি। এছাড়া তার জমি দখলের জন্য বিভিন্ন সময় চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন সোহরাব। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।