
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নিহতের ভাতিজা আকরাম হোসেন জানান, সকালে আব্দুল মালেকের ছেলে সুজন তার বাবাকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তার বাবার লাশ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ভালুকা মডেল থানার এসআই মো: ইসমাইল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।