
নওগাঁ প্রতিনিধি: সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিলেন এক শিশু শিক্ষার্থী সিয়াম হোসেন (৭)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই ভুটভুটির ধাক্কায় থেমে গেল তাঁর ছোট্ট জীবনের পথচলা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর মান্দা উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন রামনগর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সিয়াম স্কুলে যাওয়ার পথে রামনগর গ্রামের সড়কে পৌঁছালে একটি ভুটভুটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ভুটভুটিটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটিটি হেফাজতে নেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।