👁 411 Views

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা অর্থমন্ত্রীর

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অসহনীয় যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পরিকল্পনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

শুক্রবার দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগস্থ বাসভবনে তার সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করতে গেলে তিনি এ কথা জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি মহাসড়কের যানজট নিরসনে বিকল্প হিসেবে সীতাকুণ্ড উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। একই সঙ্গে তারা সীতাকুণ্ডের বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান। জবাবে মন্ত্রী যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত সরকারের পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন। মন্ত্রী তাদের দাবিগুলো গুরুত্বের সাথে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *