👁 233 Views

পলাশবাড়ীতে কানারজান সেতুতে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর এলাকায় কানারজান সেতুতে ভাঙন দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
ভবানীপুর থেকে রামপুরা ও কোমরপুর হাটে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটির ওপরের অংশের একটি জায়গা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে পথচারীসহ রিকশা, ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ভাঙা অংশের চারপাশে লাল কাপড় টানিয়ে সতর্কসংকেত দিয়েছেন। তবে দ্রুত সংস্কার করা না হলে ভাঙন আরও বড় হয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় ব্যবসায়ী আলম মিয়া বলেন, সপ্তাহে দুই দিন কোমরপুর হাট বসে। সেতুটি ভেঙে যাওয়ায় কাঁচামাল নিয়ে হাটে যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। দ্রুত সেতুটি মেরামত করা প্রয়োজন।
শিক্ষার্থী সাদিয়া বলেন, সেতুতে ভাঙন দেখা দেওয়ায় স্কুলে যেতে অনেক দূরের পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।
এ বিষয়ে বরিশাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমাল হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
স্থানীয়দের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা ও দীর্ঘস্থায়ী দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *