
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালিয়েছে চুরির মামলার এক আসামি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালত ভবনে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।
আদালত সূত্রে জানাযায়, মামলার হাজিরার জন্য কারাগার থেকে আব্দুল মোমিনসহ কয়েকজন আসামিকে আদালতে আনা হয়। পরে তাদের ম্যাজিস্ট্রেট কোর্টের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়।
দুপুর পৌনে ১২টার দিকে হাজতখানার ভেতরে থাকা এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন কোর্ট পুলিশের এক সদস্য। এ সময় সুযোগ বুঝে আব্দুল মোমিন হাজতখানার প্রবেশপথে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দ্রুত হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গ্রিল না থাকায় সেখান থেকে নিচে লাফিয়ে পালিয়ে যান আব্দুল মোমিন।
আদালতের পুলিশ পরিদর্শক রওশন ইয়াজদানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মোমিনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় রাখা হয়েছিল। পরে আরেকজন আসামিকে হাজতখানায় ঢোকানোর সময় সে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বেরিয়ে গিয়ে বারান্দায় গ্রিল না থাকার সুযোগে লাফ দিয়ে পালিয়ে যান। বিষয়টি মৌখিকভাবে সদর থানাকে জানানো হয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।