👁 236 Views

সেনবাগে মাসব্যাপী দেশীয় শিল্পপণ্য মেলার উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে মাসব্যাপী দেশীয় শিল্পপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছমির মুন্সিরহাট বাজারসংলগ্ন সেনবাগ স্টেডিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহসিয়া তাবাসসুম।
সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য, পোশাক, হস্তশিল্প, খাদ্যসামগ্রীসহ নানা ধরনের পণ্যের স্টল রয়েছে।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেএমআই গ্রুপের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সদস্য সচিব ও কাবিলপুর ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, ডমুরুয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোকারম হোসেন এবং মেলার আয়োজক নিজাম উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সেনবাগ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার চর্চা না থাকায় এ অঞ্চলের যুবক-কিশোরদের একটি অংশ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম না থাকায় স্টেডিয়ামটি অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল।
তারা বলেন, বর্তমানে স্টেডিয়ামটি খেলাধুলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের উদ্যোগ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় স্টেডিয়ামের পরিবেশ উন্নয়নের কার্যক্রম এগিয়ে চলছে।
বক্তারা আরও বলেন, স্টেডিয়ামকে ঘিরে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি এবং দেশীয় শিল্পপণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা চলাকালে প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। মেলা ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *