👁 263 Views

ফেনী জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান শুরু

সৈয়দ মনির আহমদ, ফেনী : পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত ফেনী গড়ার অঙ্গীকার নিয়ে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। ৩ আগষ্ট, সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্নাঢ্য আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এতে জেলাপ্রশাসনের সকল দপ্তর, ফেনী পৌরসভা, সকল উপজেলা প্রশাসন, ফেনী জেলা যুবদল ও বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম।

উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-আমিন সরকার, ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী, বিডি ক্লিন ফেনীর উপদেষ্টা ইমনুল হক ইমন প্রমুখ।

অভিযানের সময় তারা ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, রাজাঝি দিঘির পাড়, থানা কমপাউন্ড এলাকা, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও পাবলিক প্লেসের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। ফেনী শহরকে একটি দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা আমাদের একান্ত কর্তব্য। এছাড়াও সামাজিক কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *