
সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী। বুধবার সকাল ১০টার দিকে বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বৃদ্ধা তহুরা বেগমের ছেলে ইমরান হোসেন জানান, মা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টা থেকে তার দেখা না পেয়ে তাকে আমরা খোজাখুঁজি করতে থাকি।
পরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবায় আমার বড় ভাই তার জুতা ও ওড়না ভাসতে দেখে। পরে সেখানে নেমে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।