
এম সাজেদুল ইসলাম (সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তি ও জবাবদিহিতামূলক স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী মতবিনিময় কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদের প্রশিক্ষণ হল রুমে উপজেলার ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
‘সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ’-এর আয়োজনে এবং খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহায়তা প্রদান করছে কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (Global Affairs Canada)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই দিনব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবি হেড অফিসের মনিটরিং অফিসার ইবনে আজম বাধন, নবাবগঞ্জ সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা। বক্তারা স্থানীয় সরকার পর্যায়ে জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।