
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় অবস্থিত ‘তানিয়া হাসপাতাল’-এ যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) পরিচালিত এই আকস্মিক মোবাইল কোর্টে হাসপাতাল ও তার ফার্মেসীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, তানিয়া হাসপাতালটি বিগত প্রায় ৬ বছর ধরে কোনো প্রকার হালনাগাদকৃত লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া হাসপাতালটিতে উপযুক্ত ও যোগ্যতাসম্পন্ন প্রয়োজনীয় কর্মী বা নার্স ছিল না। এসব গুরুতর অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে নগদ ৮০,০০০/- (আসি হাজার) টাকা জরিমানা করা হয়।
হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি এর নিজস্ব ফার্মেসিতেও অভিযান চালানো হয়। সেখানে কোনো নিবন্ধিত ফার্মাসিস্ট পাওয়া যায়নি। এছাড়া ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ মেলায় ফার্মেসি কর্তৃপক্ষকে আরও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন-জনাব নাহিদ নিয়াজ শিশির, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর উপজেলা।ডা. তোফায়েল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (RMO), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবার নামে যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম রোধে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। শ্রীপুর উপজেলার স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও আকস্মিক অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।