👁 134 Views

শ্রমিকদের আন্দোলনের খবরও কি প্রকাশ করা যাবে না? আকিজ ফুডে সংবাদ সংগ্রহে বাধা প্রদান

আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা ম্যানেজার ইয়াসিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এ সময় আন্দোলনের সংবাদ সংগ্রহ ও ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা এলাকায় শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় আন্দোলনের ভিডিও ফুটেজ ধারণের সময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী সাংবাদিকদের ক্যামেরা সরিয়ে নিতে বলেন বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, নিরাপত্তাকর্মী শুধু ফুটেজ ধারণে বাধা দেওয়াই নয়, তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন। এ নিয়ে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সাংবাদিকদের প্রশ্ন, শ্রমিকদের আন্দোলনের মতো একটি জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ ও তথ্যচিত্র ধারণেও যদি বাধার মুখে পড়তে হয়, তাহলে ঘটনাটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে কীভাবে?

এদিকে, সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শ্রমিকদের আন্দোলনের কারণ, তাদের দাবিগুলো এবং ম্যানেজার ইয়াসিনের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।