
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় লাকড়ি বোঝাই এক পিকআপ ভ্যান থেকে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি)। এ সময় পিকআপের চালক আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে সদর উপজেলার কীর্তিপুর বাজারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ বিশেষ অভিযান চালানো হয়।
জানা যায়, কুড়িগ্রাম থেকে পিকআপ যোগে মাদকের একটি বড় চালান আসার গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন পয়েন্টে ডিবি পুলিশ অবস্থান নেয়।
সন্দেহভাজন গাড়িটি আটক করে তল্লাশি চালালে লাকড়ির নিচে লুকিয়ে রাখা দুটি বস্তায় ৮টি পোটলার মধ্যে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ মাদক চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত চালককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।