
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় অভিযান চালিয়ে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ ৮টি বাসে মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাজমুল হোসেন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল সেখ এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে শহরের বাজার স্টেশনে জেনিন পরিবহন ও সেবা লাইনসহ তিনটি বাস কাউন্টারে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে ৭৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।
এছাড়া কড্ডার মোড়ে সড়ক পরিবহন আইনে ৫ টি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা অর্থদন্ড ও যাত্রীদের অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেয়া হয়। এসময় জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, রেপিড একশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।