👁 299 Views

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ মে) দিবাগত রাতে জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
​গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর থানাধীন ১১ নম্বর খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মো. হযরত আলী নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
​একই রাতে, অর্থাৎ ৩১ মে রাত দেড়টার দিকে একই ইউনিয়নের জানিপুর (পশ্চিমপাড়া) গ্রামে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. আব্দুল মান্নান ওরফে মান্নাকে (৩৭) তার বসতবাড়ির আঙ্গিনা থেকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। আটক আব্দুল মান্নানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচায় বিশেষ কায়দায় রাখা ২টি নীল রঙের জিপার প্যাকেট থেকে মোট ২৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান জানিপুর গ্রামের মৃত কলম উদ্দিন ও মোছাঃ রমিছা বেগমের পুত্র।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের শনাক্তসহ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় নিয়মিত মামলা (মামলা নং-২৪, তাং ৩১/০৫/২৬) রুজু করা হয়েছে।
​জেলার মাদক নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *