👁 310 Views

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ও রাজপথে থাকবে জামায়াত -আনোয়ারুল ইসলাম

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দলটি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, নির্বাচনের আগে দেশব্যাপী জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে, ট্রেনে, লঞ্চে ও পাবলিক যানবাহনে মানুষের মুখে মুখে দলের স্লোগান শোনা গেছে এবং গণজোয়ার সৃষ্টি হয়েছিলো। তবে নির্বাচনের দায়িত্বে নিয়োজিতদের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন কৌশল ও ব্যবস্থার কারণে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটতে দেয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী হতাশ নয়। দলটি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে।

উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, জেলা ইউনিট সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজাসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *