👁 306 Views

​গাইবান্ধায় গরু হাটে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

​মোঃ জাহিদ হোসেন জিমু  গাইবান্ধা জেলা প্রতিনিধি  :: ​গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিবাড়ী গরু হাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. রাসেল মিয়া ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দাzয়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রাসেল মিয়া ‘দৈনিক আজকের জনবানী’ পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। গত ২৭ মে দুপুরে কালিবাড়ী গরু হাটে একটি অসুস্থ গরু বিক্রিকে কেন্দ্র করে বিক্রেতা ও ক্রেতার মধ্যে বাক-বিতণ্ডা হয়। সাংবাদিক রাসেল মিয়া বিষয়টি মীমাংসার চেষ্টা করলে হাটের ইজারাদারের কর্মী মো. সাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন।
​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সাজু মিয়া সাংবাদিক রাসেল মিয়া ও তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান মোর্শেদকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় উপস্থিত লোকজন তাঁদের রক্ষা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে সাংবাদিক রাসেল মিয়াকে মারপিট ও জখম করার হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগে জানানো হয়েছে।
​ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মোর্শেদ ও বরুণ কুমার সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
​ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর করা এই অভিযোগে, বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রাসেল মিয়া বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে পরিস্থিতির শিকার হয়েছি, তা অত্যন্ত দুঃখজনক। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও সঠিক বিচার প্রার্থনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *