👁 206 Views

ফেসবুকে মন্তব্যের জেরে প্রবাসী পরিবারের ওপর ছাত্রদল নেতার হামলা/ মামলা করেছে হামলাকারী নিজেই

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট ও ছাত্রদলের নেতাকে নিয়ে পাল্টা মন্তব্য করাকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে দুই দফায় দফায় হামলা, ভাঙচুর ও নারীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হামলায় প্রবাসীর মা, বোন ভাই হামলাকারী নিজেসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় চাটখিল থানায় হামলাকারীরা নিজেই একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (২৬ মে) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকায় প্রবাসীর মা ও বোন যেকোনো সময় আবারও হামলার আশঙ্কায় রাত কাটাচ্ছেন। তারা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পোস্ট ও পাল্টাপাল্টি কমেন্টের সূত্র ধরে গত ২৩ মে (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বদলকোট ইউনিয়ন ছাত্রদলের বিগত সর্বশেষ কমিটির সভাপতি মোঃ হোসেন তানভীর (৩৫) রাজ্জাকপুর গ্রামের সাইপ্রাস প্রবাসী তনিম আহমেদের বাড়িতে জোর করে ঢুকে পড়েন। তনিমের ফেসবুক পোস্ট ও কমেন্টের সূত্র ধরে সে প্রবাসীর মা মাহিনুর বেগম (৫২) ও বোন লিমা আক্তারকে (২৮) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অভিযুক্তরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং প্রবাসীর বোনের একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন। এসময় তানভীর ঘরের টেবিলে থাকা মরিচের গুঁড়া ও তরল আমসত্ত্ব তাদের শরীরে ছুড়ে মারেন। ঘটনাস্থল থেকে যাওয়ার সময় অভিযুক্তরা প্রবাসীর পরিবারকে বাড়িঘরে আগুন দেওয়ার এবং প্রবাসী দেশে ফিরলে তাকে খুন করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এই হামলার ঘটনাটি প্রতিবেশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে হোসেন তানভীর ও তার সহযোগীরা মোটরসাইকেল নিয়ে এসে প্রবাসীদের পুরান বাড়ির উঠানে দ্বিতীয় দফায় হামলা চালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তা প্রতিহত করলে হামলাকারী নিজেও আহত হন।

হামলাকারী মোঃ হোসেন তানভীর পরের দিন রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন ভুক্তভোগী পরিবারও চাটখিল থানায় হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পরে হামলাকারী মো. হোসেন তানভীরের অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়। অভিযোগ পত্রে ৭/৮ জন অজ্ঞাত এর জায়গায় যে কাউকে ঢুকিয়ে দেওয়ার বিষয়ে তানভীর তার ফেসবুক আইডিতে প্রকাশ্য হুমকি প্রদান করছেন। এই ঘটনায় সাইপ্রাস প্রবাসী তনিম আহমেদ তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত মোঃ হোসেন তানভীর বলেন, “আমার ফেসবুক আইডিতে ৭/৮ জনের নাম মূলত ভাগে কোরবানি বা অন্য কোনো বিষয়ে খালি আছে বুঝানো হয়েছে। আমি তনিম আহমেদের বাড়িতে গিয়েছি, তনিমের প্রধানমন্ত্রী রিরুদ্ধে কথা বলার কারণে তাদের পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জন্য।” তনিম ফেসবুকে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন বলেও তিনি জানান।’

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। হোসেন তানভীরের অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *