👁 529 Views

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

দিনাজপুর প্রতিনিধি  :: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল ও শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) মধ্যরাতে দিনাজপুর কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এ সময় সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন শিক্ষার্থী আহত হন। হামলাকারীরা শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় এজাহরে পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, অ্যাকাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ এবং ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামসসহ আরও ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *