
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর ও পোষাক (ইউনিফর্ম) ছিঁড়ে ফেলার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গাবতলী এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন ডেভিড ওই উপজেলারই বাসিন্দা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় দেলোয়ার হোসেন মূল সড়কের ওপর তাঁর মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখলে সেখানে যানজটের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের জন্য মোটরসাইকেল সরিয়ে নিতে বললে দেলোয়ার হোসেন তা অস্বীকার করেন। দ্বিতীয়বার সরাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন। এ সময় তিনি এএসআই সিদ্দিকুর রহমানকে কিল-ঘুষিও মারেন বলে অভিযোগ রয়েছে।