👁 280 Views

নাটোরে কৃষক হত্যা মামলায় আ’লীগ নেতাসহ ছয়জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী তালুকদারকে কুপিয়ে হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ বুধবার (০৮ এপ্রিল) বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চার আসামীর দন্ড রায় ঘোষনার দিন থেকেই কার্যকর হলেও অন্য দুইজন পালিয়ে থাকা আবুল হোসেন ও আবু রায়হান মৃধা যেদিন আটকের দিন থেকে কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ৫০হাজার করে টাকা পরিশোধ করার জন্যও  নিদের্শনা দিয়েছেন বিচারক। পূর্বে কোন হাজতবাস করে থাকলে যাবজ্জীবন কারাদন্ড থেকে তা কমিয়ে দেয়া হবে।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে মোঃ ইদ্রিস আলী ও মোঃ ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মন্ডলের ছেলে শ্রী কার্তিক মন্ডল এবং উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মোঃ আবুল হোসেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সাথে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাতটার দিকে জরুরী কাজে কৃষক মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামীরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক বুধবার এই রায় দেন।
নাটোর জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *