👁 357 Views

সংঘবদ্ধ ডাকাতি, পরিবারকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীর দশমিনায় বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় নিতাই বাওয়ালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। ডাকাতরা ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নেয়।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের বাঁধন খুলে ডাকচিৎকার দিলে স্থানীয়রা চলে আসেন। পরে থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা যায়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবিও জানিয়েছেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *