👁 121 Views

নওগাঁর হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (২৪) নামের এক যুবককে  হত্যা করে তার চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দোডাঙ্গী গ্রামের শাহাদাত আলী শাহের বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সিয়াম উপজেলার নুরুল্যাবাদ ইউপির চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সকালে কাজের জন্য মান্দা উপজেলার নং  নুরুল্যাবাদ ইউপির দোডাঙ্গী গ্রামের ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঁশ ঝাড়ে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ ছিল। পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে তার লাশ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। গতকাল সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় সাম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। আজ সকালে ছেলের মৃত্যুর খবর পান।
নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়া চার্জারভ্যান চালক সিয়ামের লাশ বাঁশ থেকে  উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে।