
আশিকুর রহমান সবুজ, গাজীপুর প্রতিনিধিঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং শ্রীপুরের আঞ্চলিক সড়কে অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া এবং টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
উদ্ভূত পরিস্থিতিতে জেলার ভোগড়া, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় কারখানার শ্রমিকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, আনসার ও এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শ্রমিকেরা সড়ক না ছাড়লে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান শ্রমিকেরা। মহাসড়কের এই অংশগুলো বন্ধ থাকায় এর তীব্র প্রভাব পড়ে পাশের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পয়েন্টে।
সকাল থেকেই মাওনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর শিল্প পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সদর এলাকার শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল ধীরগতিতে শুরু হয়।
সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন লগোজ অ্যাপারেল কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরে সকাল পৌনে ১০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এবং সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীপুর, মাওনা চৌরাস্তাসহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এপিবিএন, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।