
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): জাতীয় সংসদ নিবার্চনের দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তেও কঠোর নজরদারি চালু রেখেছে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১৪ বিজিবি’র দায়িত্বে ০২টি জেলার ০৯টি আসনের ১৬টি উপজেলায় ৩৮ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে চলেছে। একই সাথে বিজিবি’র মূল দায়িত্ব হিসেবে চোরাচালান প্রতিরোধে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ১৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত ঘেঁষে ধামইরহাট উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের জনৈক বক্কর মাস্টার এর ইটের ভাটার সামনে কাচাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সিজার মূল্য-৬২,৮০০/- টাকা।
এছাড়াও বৃহস্পতিবার ধামইরহাট উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১০,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যার সিজার মূল্য-২০,৮০,০০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য-২১,৪২,৮০০/- টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিবার্চনী দায়িত্বপূর্ণ পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।’