👁 262 Views

নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান 

নওগাঁ প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নওগাঁ জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় কলেজ চত্বর থেকে ৪ঘন্টাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান পরিচালিত হয়। প্রথম দুই দিন পুরো কলেজ ক্যাম্পাস ও হল গুলোতে এবং পরবর্তীতে প্রতিদিন একঘন্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে থার্মাল ফগার মেশিন ব্যাবহার করে পরিচ্ছন্নতা অভিযানটি পুরো ক্যাম্পাস ও এর আশেপাশে থাকা শিক্ষার্থীদের মেস ও বাসা-বাড়ি সংলগ্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক বলেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, অ্যাকাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন। তারপরও সাধারণ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে ও ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতার এই অভিযান এবং আগামীকালও চলবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনি এক ঘন্টা করে এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষার্থীসহ জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং পরিচ্ছন্নতা ও জনসচেতনতা জরুরি। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গাগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই আমরা সবাই ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবো। মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা চাই কলেজের সাধারণ শিক্ষার্থীরা সচেতন হয়ে নিরাপদে বসবাস করুক। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহিত কর্মসূচিকে শতভাগ সফল করতে সবাইকে এগিয়ে এসে যার যার জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজাহান বাদশা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম রওনক ও সাধারণ সম্পাদক সজীব হোসেনসহ জেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *