👁 513 Views

আজ পবিত্র শবে বরাত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। “লাইলাতুন নিছ্ফ মিন শাবান”(শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত)। আর “লাইলাতুন নিছ্ফ মিন শাবান”কে এই জন্য শবে বরাত বলা হয় যে, শব অর্থ হলো রাত আর বরাত অর্থ হলো নাজাত তথা মুক্তি। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’। হিজরী সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানগণ। রাতে সংশ্লিষ্ট কবরাস্থানে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর যিয়ারত করে মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন।পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, পবিত্র শবে বরাতে রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বাসস জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে এক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কল্যাণ কামনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পবিত্র এই রজনিকে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির মহামূল্যবান সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে ইবাদত, আত্মসমালোচনা এবং মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ইসলামী ঐতিহ্য অনুযায়ী এ রাত বিশেষ ফজিলতপূর্ণ এবং ক্ষমা প্রার্থনার অনন্য সময়। হাদিসের বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত ও ক্ষমা বর্ষণ করেন। প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শবেবরাতের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ না রেখে সমাজ ও জাতির কল্যাণে প্রয়োগ করতে হবে। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার বর্জন করে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, হেফাজত করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও কল্যাণের পথে পরিচালিত করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব র“হুল কবির রিজভীর স্বাক্ষরে এ বাণী দেয়া হয়। বাণীতে তারেক রহমান বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি বলেন, এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। বিশ্বশান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো। আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *